সরকার সীমাহীন অর্থ-সম্পদ লুটপাটে ব্যস্ত: আফরোজা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, একদিকে সরকার সীমাহীন অর্থ-সম্পদ লুটপাটে ব্যস্ত, অন্যদিকে জনগণের ওপর চলছে নির্যাতন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এই জুলুমবাজ সরকারের কাছ থেকে পরিত্রাণ পেতে খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্বে আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। 

সোমবার (২৮ মার্চ) দুপুরে পঞ্চগড় কমিউনিটি সেন্টারে জেলা মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

আফরোজা আব্বাস বলেন, বিএনপি সরকার নারীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে। আর এই সরকারের সময়ে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত। আমরা এই অবৈধ সরকারের পদত্যাগ চাই। আমরা এই অবৈধ সরকারের মায়ের মমতা আমরা চাই না, চারিদিকে মানুষ না খেয়ে আছে মানুষ। আর তারা সাধারণ জনগণের কষ্টে উপার্জিত টাকা জনগণের পিঠে চাবুক মেরে লুটপাট করে বিদেশে পাচার করছে। আমরা মুক্তি চাই, আমরা গণতন্ত্র চাই আমরা বাক স্বাধীনতা চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই। 

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে সম্মুখযুদ্ধে অংশগ্রহণ স্বাধীনতা এনে দিয়েছিলেন। আগামী দিনে আবার বিএনপি ক্ষমতায় আসবে দেশকে ও দেশের মানুষকে বহুদলীয় গণতন্ত্র উপহার দেবে। 

জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট রীনা পারভীনের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, মমতাজ বেগম লিপি, রেজেকা সুলতানা ফেন্সী, অ্যাডভোকেট জিন্নাত আরা রোজী, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন। 

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ।