গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রুস্তম আলী (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার সাতারপাড়া গ্রামের একটি আম গাছ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
রুস্তম আলীর বাড়ি পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামে। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাতারপাড়া গ্রামের একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রুস্তম আলীকে ঝুলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানালে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) রূপ কুমার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রোস্তম আলীর আত্মহত্যার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, রুস্তমের বিরুদ্ধে গত ২৭ মার্চ পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়। গত ২৫ মার্চ সকালে রুস্তম এক শিশুকে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে যায়। সেখানে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে শিশুটির চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় রেুস্তম।
এ বিষয়ে বেতকাপা ইউনিয়ন পরিষদ সদস্য সোহেল মিয়া জানান, প্রাথমিকভাবে লোকলজ্জার ভয়ে রুস্তম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।