দিনাজপুরের ফুলবাড়ীতে এক তরুণীকে (১৮) ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে তিন যুবক গ্রেফতার করেছে পুলিশ। রবিবার আদালতের মাধ্যমে তাদেরকে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে স্থানীয় ইউপি সদস্যের সহযোগিতায় শনিবার মধ্যরাতে ওই তিন যুবককে গ্রেফতার করা হয়। তারা হলো- উপজেলার শিবনগর ইউনিয়নের হাজির মোড় গ্রামের বেনজু মিয়ার ছেলে আসিফ (১৯), মৃত এমদাদুল হকের ছেলে সাগর ইসলাম (২২) এবং চকচকা তেলিপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সোহাগ (২১)।
পুলিশ জানায়, বাড়ি থেকে ডেকে নিয়ে শনিবার রাত ৮টায় শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর এলাকার একটি বিদ্যালয়ের পাশে তরুণীকে ধর্ষণ করে আসিফ। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে তার সহযোগী সাগর এবং তাকে সহযোগিতা করে সোহাগ।
ধর্ষণ ও ভিডিওর কথা কাউকে জানালে তরুণীকে হত্যার হুমকি দেয় আসিফ, সাগর ও সোহাগ। সেই সঙ্গে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার কথা জানায়। এ অবস্থায় ভয় পেয়ে যান তরুণী।
এদিকে, অনেক খোঁজাখুঁজির পর এক প্রতিবেশীর বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করেন বাবা। পরে
মেয়ের কাছে ঘটনা শুনে শিবনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুর ইসলামকে বিষয়টি জানায় ভুক্তভোগীর পরিবার। পরে ইউপি সদস্য গ্রামের লোকজন নিয়ে কৌশলে তিন যুবককে আটক করে পুলিশকে খবর দেন। রাত সাড়ে ১২টার দিকে তিন যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। রাতেই তরুণীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ইউপি সদস্য নুর ইসলাম নুরু বলেন, মেয়েটির কাছ থেকে এমন ঘটনা শুনে কৌশলে গ্রামের লোকজনকে নিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করি। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম বলেন, ভুক্তভোগী তরুণীর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ভিডিও উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণ ও ভিডিও ধারণের কথা স্বীকার করেছে তারা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন তরুণীর বাবা।