কুড়িগ্রাম জেলা শহরের পৌর এলাকার এক বিড়ি কারখানায় মাঈদুল ইসলাম বাপ্পি (২০) নামে এক শ্রমিককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (৩০ মে) বিকালে শহরের পুরাতন রেল স্টেশন এলাকার জলিল বিড়ি ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত বাপ্পি কুড়িগ্রাম পৌরসভার মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে। তিনি কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। অভিযুক্ত খোকন ইসলাম (২৭) একই এলাকার মৃত বোবা নজিরের ছেলে। তারা দুই জনই বিড়ি ফ্যাক্টরিতে কাজ করতেন। ঘটনার পর ফ্যাক্টরি থেকে পালিয়ে যান খোকন।
কুড়িগ্রাম সদর থানার ওসি খান মো. শাহরিয়ার এসব তথ্য নিশ্চিত করেছেন। বিড়ি কারখানার শ্রমিক ও স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত মাঈদুল ও অভিযুক্ত খোকন জলিল বিড়ি ফ্যাক্টরিতে দিনমজুরের কাজ করতেন। সোমবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে খোকন কারখানায় থাকা কাগজ কাটার অস্ত্র দিয়ে মাঈদুলের গলায় আঘাত করে পালিয়ে যায়। অন্য শ্রমিকরা মাঈদুলকে উদ্ধার করে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করেছে। তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, জলিল বিড়ি ফ্যাক্টরিটি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদের পারিবারিক প্রতিষ্ঠান।