মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় প্রাণ গেলো শিক্ষিকার

দিনাজপুর সদরের পুলহাট এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা আক্তার পান্না (৩৪) নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জুন) বিকালে দিনাজপুর পৌর এলাকার পুলহাট পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীমা উপজেলার ৬ নম্বর আউলিয়াপুর ইউনিয়নের দক্ষিণ ফরিদপুর গ্রামের মঈন উদ্দিনের মেয়ে। তিনি সৈয়দপুর হোমিও কলেজের শিক্ষিকা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে দিনাজপুর শহর থেকে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে বাবার বাসায় ফিরছিলেন। পুলহাট পুলিশ ফাঁড়ি এলাকার রাস্তায় মৃত কুকুর পড়ে থাকতে দেখে ব্রেক করলে পড়ে যান শামীমা। এ সময় বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই সালাউদ্দিন বলেন, পরিবারের কোনও অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।