দিনাজপুরের বিরামপুরে বাসের ধাক্কায় নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। রবিবার (২৪ জুলাই) দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল ইসলাম ফুলবাড়ি উপজেলার সুজাপুর এলাকার জাহের উদ্দিনের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংক দিওড় শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, রবিবার সকালে মোটরসাইকেলে অফিসে যাচ্ছিলেন নজরুল। বিপরীত দিক থেকে আসা আসাদ এন্টারপ্রাইজের একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি সুমন কুমার আরও বলেন, কারও অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।