পঞ্চগড়ে বিয়ের কথা বলে কিশোরীকে ধর্ষণের দায়ে সাইদুল ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বি এম তারিকুল কবির এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সাইদুল ইসলাম (৩৪) চাঁপাইনবাবগঞ্জ জেলার গোটাগ্রাম এলাকার মৃত আলাউদ্দীনের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের অ্যাকুয়া বিল্ডার্স নামে একটি প্রতিষ্ঠানে কাজ করতো সাইদুল। বিয়ের কথা বলে ২০১৩ সালের ১৫ জানুয়ারি ওই এলাকার এক কিশোরীকে (১৫) ধর্ষণ করে। এ ঘটনায় কিশোরীর বাবা তেঁতুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন জনের বিরুদ্ধে মামলা করেন। তেঁতুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সেলিম জাহাঙ্গীর ওই বছরের ৩০ নভেম্বর তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
পঞ্চগড় জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আজিজার রহমান বলেন, ‘ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাইদুলকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক। মামলার অপর দুই আসামিকে খালাস দেন আদালত।’