সৈয়দপুর বিমানবন্দরে সাফজয়ী তিন ফুটবলারকে সংবর্ধনা

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাফজয়ী তিন ফুটবলারের সংবর্ধনার আয়োজন করেছে রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা। বিমানযোগে সৈয়দপুর পৌঁছালে একদল নারী খেলোয়াড় ওই তিন নারী ফুটবলারকে ফুল দিয়ে বরণ করেন।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা পাওয়া সাফজয়ী তিন নারী ফুটবলার হলেন রংপুরের সিরাত জাহান স্বপ্না, ঠাকুরগাঁওয়ের স্বপ্না রানী ও একই জেলার রানীশংকৈল উপজেলার সোহাগী কিসকু।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম হুসাইন এবং রংপুর ও ঠাকুরগাঁও ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বপ্না রানী বলেন, ‘আমরা অভিভূত। এতো মানুষ আমাদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছেন। এটা দেখে আমাদের স্বপ্ন অনেক বড় হয়ে গেলো। দেশের জন্য আরও অনেক কিছু করতে হবে।’

সিরাত জাহান স্বপ্না বলেন, ‘খুব ভালো লাগছে। মানুষের এতো ভালোবাসার প্রতিদান দিতে হবে। বড় শিরোপা জয়ের মাধ্যমেই সেটি সম্ভব।’ দেশবাসীর কাছে আশীর্বাদ কামনা করেন তিনি।

সোহাগী কিসকু বলেন, ‘দেশ আমার কাছে মায়ের সমান। মায়ের মুখে হাসি ফোটাতে আরও ভালো খেলতে চাই। আপনাদের পাশে চাই।’

রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, তিন ফুটবলার রংপুর বিভাগ তথা সারা দেশের গর্ব। এ জন্য তাদের বরণ করে নেওয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পর তিন ফুটবলারকে নিয়ে একটি মোটর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।