নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মাইক্রোবাসের চাপায় তরিকুল ইসলাম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তরিকুল ওই ইউনিয়নের রথেরপুকুর গ্রামের জোবাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় এক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তরিকুল এলাকায় এক শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। এ সময় হামুররহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়ে। এতে সড়কে ছিটকে পড়লে মাইক্রোবাসটি তরিকুলের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তরিকুলের মামা ছামেদুল ইসলাম বলেন, ‘ঘাতক মাইক্রোবাসের চালক ফরতাজের (২৫) বাড়িও রথেরপুকুর গ্রামে। কিন্তু দুর্ঘটনার সময় মাইক্রোবাস চালাচ্ছিল তার ভাতিজা (১৩)। আমি তাদের শাস্তি চাই। এ ঘটনায় হত্যা মামলার প্রস্ততি চলছে।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, তরিকুল প্রাইভেট পড়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথে মাইক্রোবাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।