রংপুরের কালেক্টরেট ইদগাহ মাঠে শনিবার (২৯ অক্টোবর) মহাসমাবেশ করেছে বিএনপি। আর এই সমাবেশ চলাকালে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগের জেলা ও মহানগরের নেতাকর্মীরা।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বেতপট্টিতে অবস্থিত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলাদা আলাদাভাবে তারা অবস্থান করেন। বিএনপির মহাসমাবেশ থেকে নগরীতে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাসহ নাশকতার আশঙ্কায় তারা অবস্থান নেন।
সেখানে বক্তৃতাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু বলেন, আওয়ামী লীগ শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। দেশের প্রতিটি রাজনৈতিক দলের মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার আছে। তবে মিছিল ও সমাবেশের নামে কোনও রাজনৈতিক দল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি, নাশকতা ও জনগণের জানমালের নিরাপত্তা বিনষ্ট করার চেষ্টার করলে আওয়ামী লীগ তা প্রতিহত করার জন্য অতীতেও যেমন মাঠে ছিল আজও আছে, ভবিষ্যতেও থাকবে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন মহানগর আওয়ামী লীগের সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।