রংপুরে জাতীয়তাবাদী যুবদল যেকোনও মূল্যে নগরীতে বিক্ষোভ করবে ঘোষণা দিলেও শেষ পর্যন্ত দলীয় কার্যালয়ের গলিতেই সংক্ষিপ্ত সমাবেশ করেছে। নেতাকর্মীরা অভিযোগ করেছেন পুলিশি বাধার কারণে তারা কর্মসূচি পালন করতে পারেননি।
বুধবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি ও তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিল জেলা ও মহানগরী যুবদল।
তবে পুলিশ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির আশঙ্কা থেকে দুপুরের আগেই নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়। সঙ্গে ছিল প্রিজন ভ্যান ও রায়ট কার। বিকাল সাড়ে ৪টার দিকে জেলা ও মহানগর যুবদল যৌথভাবে দলীয় কার্যালয়ের গলি দিয়ে মিছিল নিয়ে নগরীর প্রধান সড়কে আসার চেষ্টা চালায়। তবে পুলিশ তাদের মিছিলটি গলির মধ্যেই আটকে দেয়। পরে গলির মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সামবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আরশ নাজু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন প্রমুখ। বক্তারা তাদের শান্তিপূর্ণ মিছিলে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।