জনতার হাটে কম দামে নিত্যপণ্য কিনে খুশি ক্রেতারা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে ন্যায্যমূল্যে এবং ভর্তুকি দিয়ে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে অপ্রতিরোধ্য কুড়িগ্রাম। জেলার তরুণদের নিয়ে গঠিত সামাজিক এই সংগঠন ‘জনতার হাটবাজার’ নামে পাইকারি মূল্যে খুচরা পণ্য বিক্রি শুরু করেছে। রবিবার (৯ এপ্রিল) সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে তারা এই কার্যক্রম শুরু করেছেন।

বিকালে শুরু হওয়া জনতার হাটবাজারে গিয়ে দেখা যায়, সময় গড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের আগমন বাড়ছে। দোকানের সামনে থাকা মূল্য দেখে অনেকে পণ্য কিনছেন। মধ্যবিত্তের সঙ্গে নিম্নবিত্তের মানুষও কম দামে জিনিস কিনছেন।

প্রাথমিক অবস্থায় জনতার হাটে চাল-ডাল, সয়াবিন তেল, ছোলা, ডিম, দুধ, চিনি, লবণ ও মিষ্টি কুমড়াসহ কয়েকটি নিত্যপণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই বাজার চালু থাকবে। পর্যায়ক্রমে এর পরিসর বাড়ানো হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

জনতার হাটবাজারে পণ্য কিনে সন্তুষ্টি প্রকাশ করেন ক্রেতারা। তারা বলছেন, বাজার মূল্যের চেয়ে কম দামে পণ্য বিক্রি করার এই আয়োজন সাধারণ ক্রেতাদের কিছুটা হলেও স্বস্তি দেবে। 

রুমন নামে এক ক্রেতা বলেন, ‘সত্যিই এটি ভালো উদ্যোগ। মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের জন্য এই বাজার চলমান রাখা উচিত।’

উদ্যোক্তারা জানান, সবগুলো পণ্য পাইকারি দামে খুচরা বিক্রি করা হচ্ছে। যাতে সাধারণ মানুষজন কিছুটা কম দামে নিত্যপণ্য কিনতে পারেন। এর মধ্যে সয়াবিন তেল ও চিনিতে ভর্তুকি দিয়ে বিক্রি করা হচ্ছে। মোটা চাল বিক্রি করা হচ্ছে ৩৫ টাকা কেজি। সয়াবিন তেল প্রতি লিটার বাজার মূল্য ১৮৭ টাকা হলেও জনতার হাটবাজারে তা ১৮০ টাকা লিটার বিক্রি করা হচ্ছে। একই তেল পাঁচ লিটারের বাজার মূল্য ৯০৬ টাকা হলেও জনতার হাটে ভর্তুকি দিয়ে ৮৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এভাবে প্রতিটি পণ্য কম দামে বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে মানুষজন কিছুটা স্বস্তি পান।

অপ্রতিরোধ্য কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা ও ডিজিটাল বাংলাদেশ পুরস্কার-২০২২ প্রাপ্ত উদ্যোক্তা চৌধুরী তানভীর ইসলাম অন্তু বলেন, ‘নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের বিপরীতে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমাদের এই আয়োজন। প্রাথমিকভাবে আমরা কিছু নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিক্রির উদ্যোগ নিয়েছি। রমজানের বাকি দিনগুলোতে এই আয়োজন অব্যাহত থাকবে। ঈদের দুই দিন আগে বাজার মূল্যের চেয়ে অন্তত ৫০ টাকা কমে গরুর মাংস বিক্রি করা হবে। পাশাপাশি সেমাইসহ আরও কিছু নিত্য জিনিসপত্র বিক্রি করা হবে।’