হাতঘড়ি নিয়ে বিরোধে হত্যা, এক আসামির যাবজ্জীবন

দিনাজপুরে মাথায় আঘাত করে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় করা মামলায় আল আমিন ওরফে আলাল (৩৩) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শ্যাম সুন্দর রায় এ আদেশ দেন। এই ঘটনায় মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আলাল আদালতে উপস্থিত ছিল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আলাল সদর উপজেলার ৯নং আস্করপুর ইউনিয়নের খানপুর যাতাহার এলাকার খমির উদ্দিনের ছেলে।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২০ ডিসেম্বর রাত ৯টায় খানপুর বাজারে একটি হাতঘড়ি নিয়ে স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমানের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয় আলালের। এক পর্যায়ে আলাল কাঠ দিয়ে জিয়াউর রহমানের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। পরে আসামি আলাল আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম রবি বলেন, খুব দ্রুতই এই মামলার রায় ঘোষণা হয়েছে। এই রায়ে বাদীর পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে।