পঞ্চগড়ে চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পঞ্চগড় শহরে রিয়াজুল ইসলাম শুভ (২৭) নামে এক চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

রিয়াজুল পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী হাফিজুর রহমানের ছেলে। 

পরিবার সূত্রে জানা গেছে, ২০২১ সালে রংপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন রিয়াজুল। ইন্টার্নশিপ শেষ করে সম্প্রতি রংপুরে একটি বেসরকারি মেডিক্যালে চাকরি নেন। একই মেডিক্যাল কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে গত বছর পারিবারিকভাবে তার বিয়ে হয়। তবে বিয়ের পরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। রবিবার সন্ধ্যায় পুলিশ তার ঘরের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

পঞ্চগড় থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দিন জানান, আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত ঘটনা জানতে তদন্ত চলছে।