কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের ওপর পথচারীকে বাঁচাতে গিয়ে হযরত আলী (৪২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ মে) বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হযরত আলী উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নামাটারি গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকালে হযরত আলী মোটরসাইকেল চালিয়ে নাগেশ্বরী থেকে কুড়িগ্রাম শহর হয়ে বাড়ি ফিরছিলেন। ধরলা ব্রিজের ওপর এক পথচারী মোটরসাইকেলের সামনে চলে আসেন। পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশায় ধাক্কা দিয়ে গুরুতর আহত হন হযরত আলী। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুন্নাহার বলেন, ‘মাথা ও হাত-পায়ে গুরুতর আঘাত পেয়েছেন হযরত আলী। মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।’
সদর থানার ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘এ ঘটনায় পরিবারের কোনও অভিযোগ না থানায় স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’