শুক্রবার (২৩ জুন) সকালে ঘুম থেকে ওঠার পর ফোন বেজে উঠলো। ফোন রিসিভ করতেই অপর প্রান্ত থেকে মামুন জানালেন, ‘ভাই নদীর পানি নামতেছে (কমছে)। মনে হয় এ যাত্রায় রক্ষা হলো।’
মামুনের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে। দুধকুমার নদের পাড়ের দামাল গ্রামে বেড়ে ওঠা এই যুবক নদের পানি কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করলেন। তবে সেটা নিজের জন্য নয়, প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে।
নদী তীরবর্তী এলাকায় খোঁজ নিয়ে জানা গেলো, দুধকুমার ও ব্রহ্মপুত্র চরাঞ্চলে বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার পানি কমছে।
উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্রের মশালের চরের বাসিন্দা হামিদুল জানালেন, ‘দাদা, পানি কমতাছে। এবার হয়তো বন্যা হইবো না। তবে এর পরে পানি আসলে বন্যা হইতে পারে।’
‘পানি বাড়লে আমাগো সমস্যা নাই, সমস্যা ভাঙনে’, যোগ করেন হামিদুল।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণ কক্ষ বলছে, ধরলা ছাড়া কুড়িগ্রামের সবকটি নদ-নদীর পানি কমছে। শুক্রবার দুপুর ১২টার প্রতিবেদন অনুযায়ী, দুধকুমার নদের পানি গত ১৮ ঘণ্টায় (বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর) পাটেশ্বরী গেজ স্টেশনে ৫ সেন্টিমিটার কমে বিপৎসীমার ৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
ব্রহ্মপুত্র নদের পানি নুন খাওয়া ও চিলমারী গেজ স্টেশনে উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়ে যথাক্রমে বিপৎসীমার ৫৫ ও ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধরলার পানি রাতভর কিছুটা বাড়লেও দুপুরে কিছুটা স্থিতিশীল হয়ে সেতু পয়েন্টে বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
কমছে তিস্তার পানিও। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪-২৫ জুন থেকে পানির সমতল হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুই সপ্তাহে এ অঞ্চলে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই বলে পাউবো প্রকাশিত পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা জানায়, নদ-নদীর পানি কমছে। সার্বিক অবস্থার ওপর সতর্ক নজর রাখা হচ্ছে। চলমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সহায়তা বিতরণ করছে স্থানীয় প্রশাসন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘এখনও বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি। যেভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সেটা স্বাভাবিক। নদ-নদীর পানি কমার খবর পাওয়া যাচ্ছে। আশা করছি দুই-একদিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে। আমরা সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছি। ক্ষতিগ্রস্ত কিছু পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।’
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে বড় বন্যার পূর্বাভাস নেই।’