ঈদের দিন রংপুর নগরীর হাজিরহাট এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন পিকআপ ভ্যানের চার যাত্রী। বৃহস্পতিবার (২৯ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালকের নাম মিনহাজুল ইসলাম। তার বাড়ি বগুড়ায়, বাবার নাম আজগার আলী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সকাল ৯টার দিকে হানিফ পরিবহনের একটি বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিল। বাসটি হাজিরহাট এলাকায় আসলে রংপুর থেকে সৈয়দপুরগামী মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপ চালক মিনহাজ নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহত পিকআপ চালকের লাশ উদ্ধার করে। আহত চার জনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
আহত পিকআপের যাত্রী সামসুল জানান, তিনি চালকের পাশে বসেছিলেন। বাসের চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন। তার অসতর্কতা ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনা ঘটেছে।
মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, নিহত চালকের মরদেহ উদ্ধার করে মরদেহ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বাসচালক ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ। তবে বাসটি জব্দ করা হয়েছে।