লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক যুবককে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ভাইরাল হয়েছে। উপজেলার গোড়ল ইউনিয়নে মাদক ব্যবসায় সহযোগী হিসেবে কাজ না করায় সুমন মিয়া (২৪) নামের যুবককে নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে।
গত ২৫ জুলাই রাত ১১টার দিকে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর মিলন নামের এক ব্যক্তির বসতবাড়িতে এই নির্যাতন করা হয়। নির্যাতনের শিকার সুমন চন্দ্রপুরের লতাবর গ্রামের লুৎফর মিয়ার ছেলে।
মামলার এহাজার সূত্রে জানা গেছে, একই এলাকার মাদক কারবারি মিলন ও তার তিন সহযোগী লিমন, রবিউল ও মিস্টার মাদক পরিবহনের কাজ করতে প্রস্তাব দিয়ে আসছিল সুমনকে। এ বিষয়ে মিলনের সঙ্গে সুমনের কথা কাটাকাটি হয়। মিলন ও তার সহযোগীরা মিলে সুমনকে লতাবর এলাকার মোন্দাদিঘির পাড় এলাকা থেকে মিলন সুমনকে তুলে নিয়ে তার বাসায় যায়।
পরে মিলন ও তার তিন সহযোগী মিলে সুমনকে বিবস্ত্র করে হাত-পা বেঁধে নির্যাতন করে। এ ঘটনার ভিডিও ধারণ করে। এ বিষয়ে কাউকে কিছু জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
এ বিষয়ে অভিযোগকারী সুমন বলেন, মিলন মাদক কারবারি। নির্যাতনের ঘটনায় মামলা করেছি। মিলন আমাকে প্রতিনিয়ত অভিযোগ তুলে নিতে হুমকি দিয়ে আসছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির বলেন, ২৯ জুলাই রাতে মামলা হয়েছে। আমরা দ্রুত আসামিকে ধরার চেষ্টা করছি।