গাইবান্ধায় সাংবাদিকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

গাইবান্ধার পলাশবাড়ী এলাকায় দৈনিক ভোরের ডাকের সিনিয়র রিপোর্টার ইমরুল কাওসার ইমনের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বত্তরা তার গাড়ি ভাঙচুর করে।

শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী পৌর এলাকার খাদ্য গুদাম সংলগ্ন গাইবান্ধা সড়কে এ ঘটনা ঘটে।

একদল দুর্বৃত্ত লাঠি হাতে অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ইমরুল কাওসার ইমন।

তিনি বলেন, দুর্বৃত্তরা গাড়ির দুটি গ্লাস ভাঙচুর করেছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে পিছু হটে দুর্বৃত্তরা। নির্বাচনি সংবাদ সংগ্রহে ঢাকা থেকে গাইবান্ধায় যাচ্ছিলেন বলে জানান তিনি।

সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) উদয় কুমার সাহা জানান, গাড়িতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্বৃত্তরা প্রাইভেটকারের দুটি গ্লাস ভাঙচুর করলেও সাংবাদিক ইমন ও তার চালকের কোনও ক্ষতি হয়নি। ঘটনার পর থেকেই পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে পুলিশ টহল অব্যাহত আছে। গাড়ি ভাঙচুরের ঘটনায় সাংবাদিক ইমনকে থানায় লিখিত অভিযোগ করতে বলেছি। অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সাংবাদিক ইমরুল কাওসার ইমনের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। একই সঙ্গে তারা হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।