লাঙ্গলের দুর্গে নৌকা-স্বতন্ত্রের আঘাত, শুধু জিতেছেন জি এম কাদের

রংপুরকে জাতীয় পার্টির (জাপা) দুর্গ বলা হয়। জেলার সবগুলো আসনে নিজেদের ভোটব্যাংক আছে বলে দাবি করে দলটি। অথচ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি আসন ছাড়া লাঙ্গল প্রতীকের প্রার্থীরা জয়ের দেখা পাননি। এর মধ্যে দলের গুরুত্বপূর্ণ নেতা মসিউর রহমান রাঙ্গা এমনকি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের ভাতিজা মকবুল শাহরিয়ার আসিফও বড় ব্যবধানে হেরে গেছেন।

জেলার ছয়টি আসনের মধ্যে তিনটিতে নৌকা, দুটিতে স্বতন্ত্র ও একটিতে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছেন। রবিবার (০৭ জানুয়ারি) রাতে এই সেসরকারিভাবে এই ফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান।

ঘোষিত ফলে দেখা গেছে, রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুর কাছে হেরেছেন স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। আসাদুজ্জামান বাবলু কেটলি প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৯২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মসিউর রহমান রাঙ্গা ট্রাক প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৩৩২ ভোট। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচএম এরশাদের ভাতিজা সাবেক সংসদ সদস্য হোসেন মকবুল শাহরিয়ার আসিফ পেয়েছেন ১০ হাজার ৮৯২ ভোট।

রংপুর-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী আহসানুল হক চৌধুরী ৮১ হাজার ৯৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার পেয়েছেন ২৪ হাজার ৬৪০ ভোট। 

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ৮১ হাজার ৮৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট। 

রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নৌকা প্রতীকে এক লাখ ২১ হাজার ৬২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল পেয়েছেন ৪১ হাজার ৬৭১ ভোট। 

রংপুর-৫ আসনের আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমান বিশাল ব্যবধানে হেরে গেছেন। এই আসনের স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের ট্রাক প্রতীকের কাছে হেরেছেন তিনি। জাকির হোসেন এক লাখ ছয় হাজার ১২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাশেক রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৫০৫ ভোট।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নৌকা প্রতীকে এক লাখ আট হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম পেয়েছেন ৩৬ হাজার ৮৩২ ভোট এবং জাতীয় পার্টির নুর আলম পেলেন ৯ হাজার ১৬ ভোট।