দিনাজপুর সদর উপজেলার কাউগাঁও নামক এলাকায় ট্যাংকলরির চাপায় এক নৈশ্যপ্রহরীসহ দুই জন নিহত হয়েছেন। শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাকচালকসহ দুই জনকে আটক করা হয়েছে।
নিহতরা হলেন- বাজারের নৈশ্যপ্রহরী বিশ্বনাথপুর এলাকার বাসিন্দা আজাহার আলী (৬০) ও দোকানের ক্রেতা হাটখোলা এলাকার বাসিন্দা রানা (২৫)।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি ফরিদ হোসেন জানান, ভোর সোয়া ৫টায় ফুলবাড়ী থেকে দিনাজপুরগামী তেলবাহী একটি ট্যাংকলরি কাউগাঁও এলাকায় আব্দুস সোবহানের চায়ের দোকানে উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলে বাজারের নৈশ্যপ্রহরী আজাহার আলী ও রানা মারা যান। পরে কোতোয়ালি থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে পাঠান।
তিনি আরও জানান, এই ঘটনায় ট্যাংকলরির চালক কুষ্টিয়ার রাহিনী বটতলার বাসিন্দা রাজু খন্দকার ও হেলপার একই এলাকার সোহাগকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। চালকের ঘুম ঘুম ভাব থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।