২৭৫২ ভোটারের কেন্দ্রে ভোট পড়েছে ১৬টি

লালমনিরহাট সদর উপজেলা পরিষদ নির্বাচনে ৮৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বড়বাড়ি শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই হাজার ৭৫২ ভোটার রয়েছেন। তাদের মধ্যে ভোট দিয়েছেন ১৬ জন। এর মধ্যে আবার দুটি ভোট নষ্ট হয়েছে।

বুধবার সন্ধ্যায় ভোট গণনা শেষে কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার চঞ্চল কুমার শর্মা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোট ভোট পড়েছে ১৬টি। এর মধ্যে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক পেয়েছে দুটি এবং আনারস প্রতীক পেয়েছে ১৪টি। ভাইস চেয়ারম্যান পদে টিয়াপাখি প্রতীক ভোট পায়নি, চশমা প্রতীক আটটি, মাইক দুটি, উড়োজাহাজ চারটি ভোট পেয়েছে। এগুলোর মধ্যে দুটি ভোট বাতিল হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে

কামরুজ্জামান সুজন আনারস প্রতীকে ৪১ হাজার ৪৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইকবাল হোসেন মামুন মোটরসাইকেল প্রতীকে ৯ হাজার ৪০৭ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে এরশাদুল করিম চশমা প্রতীকে ১৪ হাজার ৮৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম ১০ হাজার ৬০৭ ভোট পান।

রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আফরোজা খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, চেয়ারম্যান পদে ভোট পড়েছে ১৮ দশমিক ১৪ শতাংশ আর ভাইস চেয়ারম্যান পদে পড়েছে ১৮ দশমিক ১৩ শতাংশ।