‘মাত্র ১০ হাজার টাকার জন্যে’ প্রাণ হারালেন অপর গৃহবধূ

জিডি করেও বাঁচতে পারলেন না শাহানা বেগম

যৌতুকের দাবিতে হত্যারংপুরের বদরগঞ্জ ও মিঠাপুকুর উপজেলায় যৌতুকের দাবিতে দুই গৃহবধূকে হত্যা করার অভিযোগ উঠেছে। স্বামীসহ শ্বশুর ও শাশুড়ি এই হত্যাকাণ্ড দুটোর সঙ্গে জড়িত বলে অভিযোগ নিহত গৃহবধূদের পরিবারের সদস্যদের। হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।  বদরগজ্ঞ থানার পরিদর্শক (তদন্ত)এ কে এম নুরন্নবী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত দুই গৃহবধূ হলেন, বদরগঞ্জের লাকী বানু ও মিঠাপুকুরের শাবানা বেগম।
রংপুরের মিঠাপুকুর উপজেলার এনায়েতপুর গ্রামে ২ লাখ টাকা যৌতুক না পাওয়ায় দুই সন্তানের মা গৃহবধূ শাবানা বেগমকে পিটিয়ে হত্যা করেছে স্বামী আব্দুল জলিল ও শ্বশুর আবুল হোসেন। শনিবার সকালে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহত শাবানার শ্বশুর আবুল হোসেনকে আটক করেছে পুলিশ। স্বামী জলিলকে পাওয়া যায়নি। মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবীর জানান পাঁচ বছর আগে একই এলাকার আব্দুল জলিলের সঙ্গে শাবানা বেগমের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে তার স্বামীকে ২ লাখ টাকা দেওয়া হয়। কিন্তু তারপর আবারও ২ লাখ টাকা যৌতুক দাবি করে শাবানাকে প্রায়ই নির্যাতন করতো স্বামী ও শ্বশুড়বাড়ির লোকজন।
জানা যায়, এসব ঘটনায় দুই মাস আগে থানায় একটি সাধারণ ডায়রিও করেন শাবানা বেগম। মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

অপরদিকে, নিহতের লাকীর স্বজনরা জানান, শনিবার দুপুর ১টার দিকে লাকী বানুকে (২৩)তার স্বামী ও শ্বশুড়ি শ্বাসরোধ হত্যা করেন। পরে এই হত্যাকাণ্ডকে ধামাচাপা দিতে লাশ ঘরের টিনের চালের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার গল্প তৈরির চেষ্টা করেন।

পুলিশ জানায় এক বছর আগে বদরগজ্ঞের সর্দ্দার পাড়া গ্রামের সাজেদুল ইসলামের সঙ্গে লাকীর বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে স্বামী সাজেদুলকে ১ লাখ ৪০ হাজার টাকা দেয় লাকী বানুর বাবা। বাকী ১০  হাজার টাকা পরে দেবে বলে তারা জানায়। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই ওই ১০ হাজার টাকার জন্য স্বামী জাহেদুল ও তার মা সাহেরা খাতুন চাপ দিতে থাকে ও নির্যাতন শুরু করে।ওই টাকার জন্য তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বদরগজ্ঞ থানার পরিদর্শক (তদন্ত)জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লাকীর শ্বাশুড়ি  সাহেরা বেগমকে আটক করা হয়েছে। স্বামী সাজেদুলকে পাওয়া যায়নি। লাকী বানুকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

/জেবি/এইচকে/