কুড়িগ্রামে নতুন এসপির পদায়ন

কুড়িগ্রামে নতুন পুলিশ সুপার (এস‌পি) হিসেবে পুলিশের ঢাকার বিশেষ শাখার (এস‌বি) এস‌পি মাহফুজুর রহমান‌কে পদায়ন করা হ‌য়ে‌ছে। রবিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হ‌য়ে‌ছে।

একই প্রজ্ঞাপনে এর আগে কুড়িগ্রামের বদলি ও পদায়‌নের আদেশপ্রাপ্ত এস‌পি রিয়াজ উদ্দিন আহমেদের বদলির আদেশ বাতিল করা হ‌য়ে‌ছে। জেলার দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা‌দের সঙ্গে কথা বলে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গত ৩ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে কুড়িগ্রামের এস‌পি হি‌সে‌বে খুলনা মে‌ট্রোপ‌লিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন আহমেদকে বদলি করা হয়। আর জেলার সদ্য সাবেক এস‌পি আল আসাদ মো. মাহফুজুল ইসলাম‌কে ট‌্যুরিস্ট পুলিশের এস‌পি হিসেবে বদলি করা হয়। 

রিয়াজ উদ্দিন আহমেদকে কুড়িগ্রামে বদলির আদেশ প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই আলোচনার সৃষ্টি হয়। এরপর তার বদলির আদেশ বাতিল করে মাহফুজুর রহমানকে পদায়ন করা হয়।