শিক্ষক ও সাংবাদিক ফারুকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত কলেজছাত্র আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের সাংবাদিক ও কাঁঠালবাড়ী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল খালেক ফারুকের নাম অন্তর্ভুক্তের প্রতিবাদ জা‌নিয়ে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে কাঁঠালবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থী ছাড়াও শিক্ষক, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। 
এ সময় বক্তব্য রাখেন শিক্ষক শফিকুল ইসলাম, কাজী ফরহাদ, শিক্ষার্থী শাহিন আলম, আব্দুর রাজ্জাক, সুমনা আক্তার ও নাট্যকর্মী শাহ আলম।

শিক্ষার্থী শা‌হিন আলম বলেন, ‘খা‌লেক ফারুক স‌্যার একজন সাংবা‌দিকই নন, তি‌নি একজন শিক্ষক ও সংস্কৃ‌তিকর্মী। মিথ‌্যা অ‌ভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা মামলা থেকে তার নাম প্রত‌্যাহার করার দা‌বি জানাই।’

নাট‌্যকর্মী শাহ আলম বলেন, ‘আব্দুল খালেক ফারুক একজন নির্ভীক সাংবাদিক। শিক্ষক ও সাংবা‌দিক হয়ে তি‌নি দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। তিনি সংস্কৃতি ও পাঠাগার আন্দোলনের একজন অগ্রসৈনিক। তার নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’ 

এর আ‌গে গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আ‌ন্দোলনকারী‌দের ওপর হামলা ও শিক্ষার্থী হত‌্যার অ‌ভিযোগ এনে কু‌ড়িগ্রা‌মের তিন সাংবা‌দিকসহ ১০৪ জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে অজ্ঞাত আরও ৫০০/৬০০ জ‌নের বিরু‌দ্ধে কু‌ড়িগ্রাম সদর থানায় মামলা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী রহুল আমির বাদী হয়ে এ মামলা ক‌রেন।

মামলার আসা‌মি তিন সাংবা‌দিক হ‌লেন খালেক ফারুক, নিউজ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর।