ভোরের আলো ফুটতেই দুই ভাই এক মোটরসাইকেলে বেরিয়েছিলেন ব্যবসার কাজে। ফেরার পথে বাড়ির কাছাকাছি পৌঁছাতেই বাসচাপায় সড়কেই প্রাণ হারান ছোট ভাই। বড় ভাইকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে কুড়িগ্রাম শহরের পৌর এলাকার মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুর আলম মণ্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত যুবকের নাম ইসমাঈল হোসেন (৩৮)। আহত বড় ভাইয়ের নাম কাশেম। তারা শহরের টেক্সটাইল মোড় রেলগেটসংলগ্ন এলাকার বাসিন্দা এবং তৎসংলগ্ন করাত কলের মালিক ও কাঠ ব্যবসায়ী। তাদের বাবার নাম ইব্রাহিম।
পরিবারের বরাতে স্থানীয় কাঠ ব্যবসায়ী লাভলু মিয়া জানান, কাশেম ও ইসমাঈল করাত কল চালানোর পাশাপাশি কাঠের ব্যবসাও করেন। রবিবার ভোরে গাছ কেনার উদ্দেশে দুই ভাই একসঙ্গে পৌর এলাকার ডাকুয়াপাড়ায় গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে মৎস্য খামারসংলগ্ন আজাদ ড্রাইভারের বাড়ির সামনে একটি দূরপাল্লার বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাঈল মারা যান। আহত হন কাশেম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
লাভলু বলেন, ‘নিহত ইসমাঈলের পরিবারে স্ত্রী ও ছোট দুই সন্তান রয়েছে। স্বামীর মৃত্যুশোকে ইসমাঈলের স্ত্রী রুমা জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়।’
এসআই নুর আলম মণ্ডল বলেন, ‘ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় বাসটি মালিকের জিম্মায় দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।’