নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের সময়সূচি অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলাধীন ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এ দফায় শুধু নাগেশ্বরী উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
তবে স্থগিত রাখা হয়েছে ফুলবাড়ি উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা।
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ট্রিবিউনকে জানান, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুধু নাগেশ্বরী উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফুলবাড়ির ব্যাপারে আমরা কোনও নির্দেশনা পাইনি।’
কী কারণে ফুলবাড়ি উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়নি, তা জানতে চাইলে এ কর্মকর্তা জানান, ‘এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে বিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ অন্যান্য কী কারণে এই দফায় ফুলবাড়ি উপজেলার তফসিল ঘোষণা হয়নি তা আমার জানা নেই । যেহেতু কমিশন ঘোষিত নির্বাচনের সময় এখনও শেষ হয়নি, সেহেতু ৪র্থ, ৫ম কিংবা ৬ষ্ঠ দফাতেও এই উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচন হতে পারে।’
এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী নাগেশ্বরী উপজেলাধীন ইউনিয়নগুলোর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৭ মার্চ, মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ২৯ ও ৩০ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ এপ্রিল এবং ভোট গ্রহণের তারিখ ২৩ এপ্রিল।
অন্যদিকে দ্বিতীয় দফা নির্বাচনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলাধীন ইউনিয়নগুলোর ভোট গ্রহণ হাইকোর্ট কর্তৃক স্থগিত ঘোষিত হয়েছে মর্মে গত ১৪ মার্চ একটি জাতীয় দৈনিকে খবর প্রকাশিত হলেও এর সত্যতা নিশ্চিত করতে পারেননি জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, ‘আমরা ইতোমধ্যে নির্বাচনের প্রতীক বরাদ্দ করেছি এবং নির্বাচন সংক্রান্ত আমাদের রুটিন ওয়ার্ক চলমান রয়েছে। নির্বাচন স্থগিত সংক্রান্ত কোনও মৌখিক কিংবা লিখিত নির্দেশনা আমরা পাইনি।’
/এইচকে/