ঘুষ ছাড়া সার না দেওয়া বিএডিসির কর্মকর্তা শওকত আলীকে বদলি

ঘুষ ছাড়া ডিলারদের নামে সার বরাদ্দ না দিয়ে হয়রানির অভিযোগ উঠার পর বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) শওকত আলীকে বদলি করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সংস্থাপন বিভাগের সচিব (উপসচিব) ড. কে. এম. মামুন উজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশ তাকে বদলি করা হয়। আদেশে দিনাজপুর বিএডিসি (সার) যুগ্ম পরিচালক শওকত আলীকে রাজশাহী বিএডিসির যুগ্ম পরিচালক করা হয়। সেইসঙ্গে রাজশাহীর বিএডিসির (বীবি) যুগ্ম পরিচালক মো. ফজলে রবকে দিনাজপুর বিএডিসির (সার) যুগ্ম পরিচালক করা হয়।

ঘুষ ছাড়া সার দেন না শওকত, সরকারি কার্যালয়ে বানিয়েছেন বিশ্রামকক্ষ শিরোনামে গত ১৮ ডিসেম্বর বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, ঘুষ ছাড়া ডিলারদের নামে সার বরাদ্দ দেন না বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দিনাজপুর অঞ্চলের যুগ্ম পরিচালক (সার) শওকত আলী। কোনও ডিলার ঘুষ না দিলে তাদের হয়রানি করা হয়। আবার গুদামে সার ঢোকানো ও বের করার সময় শ্রমিকদের বিল থেকেও শওকতকে ঘুষ দিতে হয়। না দিলে সংশ্লিষ্ট গুদামে সার সরবরাহ বন্ধ করে দেন। এভাবে দুর্নীতি করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগী সার ডিলাররা গত ২ নভেম্বর বিএডিসির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

দিনাজপুর বিএডিসির বীজ ডিলার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মির্জা লিয়াকত আলী বেগ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শওকত আলীকে শুধু বদলি করলে হবে না, তার দুর্নীতির বিচার করতে হবে।’