কুড়িগ্রামে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার

কুড়িগ্রামে পৃথক অভিযানে রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ (৫৫) ও উলিপুর উপজেলার ধামশ্রেণি ইউনিয়ন যুবলীগ সভাপতি এম শফিক পঞ্চুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজারহাট ও উলিপুর থানা পুলিশ পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে। সংশ্লিষ্ট থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেফতার সাজেদুর রহমান মন্ডল চাঁদ রাজারহাট সদর ইউনিয়নের দুধ খাওয়া গ্রামের মৃত আব্দুল কাদের মন্ডলের ছেলে। তিনি রাজারহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে রয়েছেন। আর শফিক পঞ্চু উলিপুরের ধামশ্রেণি ইউনিয়নের ঠাকুরবাড়ি হাজিপাড়া গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সভাপতি।

রাজারহাট থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, সাজেদুর রহমান মন্ডল চাঁদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। রাজারহাট থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে শফিক পঞ্চুকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে উলিপুর থানা পুলিশ। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে হওয়া মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরে শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। উলিপুর থানার ওসি জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।