কুড়িগ্রামে ইউপি নির্বাচনি সহিংসতা

প্রতিপক্ষের হামলায় আহত আ.লীগ নেতাকে দেখতে হাসপাতালে তাজুল

কুড়িগ্রামের রাজারহাটে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী বাছাইকালে প্রতিপক্ষের হাতে গুরুতর আহত জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদার (৬০) কে দেখতে কুড়িগ্রাম সদর হাসপাতালে গিয়েছিলেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি।

রাজারহাটে আহত আ. লীগ নেতা

রবিবার সকাল সাড়ে দশটায় তিনি আহত আওয়ামী লীগ নেতাকে দেখতে সদর হাসপাতালে যান। এ সময় তিনি মোহাম্মদ আলী সরদারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে চিকিৎসকদের অনুরোধ করেন।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বাছাই নির্বাচনে পরাজিত প্রার্থী জহুরুল ইসলাম তালুকদার ময়নালের হামলায় গুরুতর আহত হন বিজয়ী প্রার্থী মোহাম্মদ আলী সরদার। শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই হামলার ঘটনা ঘটে।

এদিকে হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। হামলার পর পুলিশের ভূমিকা নিয়ে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।

হামলাকারীকে কেন আটক করা হচ্ছে না, জানতে চাইলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ বলেন, আমরা এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

 

/টিএন/