মোটরসাইকেলে করে ৯ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিলেন পুলিশের এএসআই

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মোটরসাইকেলে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় আনিছুর রহমান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) গ্রেফতার করা হয়েছে। তার সঙ্গে থাকা ব্যাগ থেকে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড় থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। 

গ্রেফতার আনিছুর রহমান (৪০) পলাশবাড়ী থানায় এএসআই হিসেবে কর্মরত। এর আগে সাদুল্লাপুর থানায় কর্মরত ছিলেন। তিনি লালমনিরহাট সদর উপজেলার চরখাটা গ্রামের আলিমুদ্দিনের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল চারমাথা মোড়ে অবস্থান নেয়। এ সময় পলাশবাড়ী থেকে আসা বগুড়াগামী একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে মোটরসাইকেলে থাকা ব্যাগের ভেতরে দুই প্যাকেটে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক আনিসুর রহমানকে গ্রেফতার করা হয়। সেইসঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।’

ওসি বলেন, ‘গ্রেফতারের পর আনিছুরকে জিজ্ঞাসাবাদ করলে নিজেকে পুলিশের এএসআই বলে পরিচয় দেন। পরে খোঁজ নিয়ে আমরা জানতে পারি, পলাশবাড়ী থানায় এএসআই হিসেবে কর্মরত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’ 

এ বিষয়ে গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা বলেন, ‘মাদকসহ গ্রেফতার পুলিশ সদস্যের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আইন সবার জন্যই সমান। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হবে।’