জেলে বসেই বেতন তুলছেন হত্যা মামলার আসামি

নীলফামারীকারাগারে বন্দি থেকেও নিয়মিত বেতন-ভাতা তুলছেন দুহুলি আলিম মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক আমিরুজ্জামান(৪৫)।
অভিযোগ মতে ওই প্রভাষক চলতি বছরের ২০ জানুয়ারি থেকে নীলফামারী জেলা কারাগারে বন্দি রয়েছেন। তিনি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়িবহরে হামলা ও চার আওয়ামী লীগ নেতাকর্মীর হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
নাম প্রকাশ না করার শর্তে রবিবার অভিযোগ তুলে স্থানীয়দের একজন জানান, মাদ্রাসার সুপার আব্দুল ওয়াজেদ ওই শিক্ষককে উপস্থিত দেখিয়ে তার বিল উত্তোলন করছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর বিকালে সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জহাটে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের গাড়ি বহরে হামলা চালায় বিএনপি ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা। ওই ঘটনায় কৃষক লীগ নেতা খুরশেদ আলম, যুবলীগ নেতা ফরহাদ হোসেন, ছাত্রলীগ নেতা মুরাদ হোসেন আওয়ামী লীগ কর্মী লেবু মিয়া নিহত হয়।
এ ঘটনায় পুলিশের পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলায় ২১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করা হয়। আদালতের ২৭৬/১৩ জিআর মামলার চার্জশিটে ১৯৬ নম্বর আসামী হিসাবে ওই প্রভাষকের নাম রয়েছে। 

মাদ্রাসার সুপার আব্দুল ওয়াজেদের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, তার মাদ্রাসার আরবী প্রভাষক আমিরুজ্জামান চলতি বছরের ২০ জানুয়ারী থেকে দেড় মাসের ছুটি নেন। ছুটিতে থাকার নিয়ম অনুয়ায়ী তার জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসের বেতন উত্তোলন করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে তার দেড় মাসের ছুটি শেষ হয়ে গেছে। এখন তাকে শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত দেখা হচ্ছে। তিনি শিক্ষা প্রতিষ্ঠানে যোগদান না করা পর্যন্ত তার  মার্চ মাস থেকে বেতন ভাতা বন্ধ রাখা হবে।

/এইচকে/