দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ইউপি নির্বাচনের নামে যা হচ্ছে তাতে করে দেশে গণতন্ত্র আছে বলে মনে হয় না। তিনি রংপুরে তার প্রার্থীদের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন এবং সব প্রার্থীকে জয়ী করতে পারবেন বলে ঘোষণা দেন। রবিবার দুপুরে রংপুর নগরীর দর্শনা এলাকায় তার পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এরশাদ বলেন, এবারের ইউপি নির্বাচনে অনেক স্থানে জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। এবার ৭০ জন আওয়ামী লীগের প্রার্থী বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। ইতিহাসে এ ধরনের ঘটনার কোনও নজির নেই। এমনিতে ইউপি নির্বাচনে প্রতিটি ইউনিয়নে ১০ থেকে ১২ জন প্রার্থী থাকে। এবার তাও নেই। এটা বিরল ঘটনা।
তিনি অভিযোগ করেন, নির্বাচনে অনেক প্রার্থীকে জোর করে বসিয়ে দেওয়া হয়েছে। এটাকে সুষ্ঠু নির্বাচন বলা যায় না।
এরশাদ বলেন, কুমিল্লায় কলেজছাত্রী তনু হত্যার ঘটনায় সারাদেশে তোলপাড় চলছে। অথচ এ ঘটনায় জড়িতদের এখনও গ্রেফতার করা হয়নি। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। শিশু হত্যা, ধর্ষণ বেড়েই চলছে। তিনি পবিত্র ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার কথা উল্লেখ করে বলেন, ক্ষমতায় থাকাকালে তিনি এটা করেছিলেন। এ নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে বলেও অভিযোগ করেন।
/বিটি/টিএন/