গাইবান্ধায় বিএনপি অফিস ভাঙচুর মামলায় দুই আ.লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও সাবেক এপিপি অ্যাডভোকেট মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২০ জুলাই) বিকালে ঢাকার একটি বাসা থেকে মিলনকে গ্রেফতার করে মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়া রবিবার রাতে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করে থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মিলনকে গ্রেফতার করা হয়। তিনি জেলা বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গাইবান্ধা সদর থানায় আনার জন্য একটি টিম ঢাকায় পাঠানো হয়েছে। ঢাকা থেকে আসার পর তাকে আদালতে হাজির করা হবে।

অন্যদিকে, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, পৌর শহরের পশ্চিম চারমাথা এলাকা থেকে অভিযান চালিয়ে মিজানকে গ্রেফতার করা হয়েছে। তালুককানুপুর বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া মামলায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (২১) দুপুরের মধ্যে আদালতে পাঠানো হবে।