আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জাপা প্রার্থী পনির উদ্দিন

আপিলে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছেন কুড়িগ্রাম-২ আসনে (সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। শনিবার (১০ জানুয়ারি) রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে হওয়া আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দেন। ফলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশ নিতে আর কোনও বাধা থাকলো না। সন্ধ্যায় জাপা প্রার্থী পনির উদ্দিন আহমেদ নিজেই এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১ জানুয়ারি কুড়িগ্রাম জেলা রিটার্নিং অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ এই জাপা প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন। তার হলফনামায় একটি মামলার তথ্য উল্লেখ না থাকায় মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। পরে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। তার আপিল তালিকা নং ৬৫।

আপিল শুনানি শেষে পনির উদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনে করা আমার আপিল মঞ্জুর হয়েছে। আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই এক সপ্তাহ আমার জন্য ভিন্নরকম অভিজ্ঞতা ছিল। দেশে-বিদেশে অনেকেই দোয়া ও শুভকামনা জানিয়েছেন।’

পনির উদ্দিন আহমেদ ছাড়াও কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এছাড়াও কুড়িগ্রাম-৩ আসনে (উলিপুর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহী এবং বিএনপির বিদ্রোহী নেতা ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। তারাও নির্বাচন কমিশনে আপিল করেছেন বলে জানা গেছে।