দিনাজপুর-৬ আসনে ধানের শীষের এমপি দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী করায় হিলিতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। নিজ নির্বাচনি এলাকায় মিষ্টি বিতরণ ও মিছিল করেছেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় হিলি বাজারের খাদ্যগুদাম মোড়ে বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন। এ সময় বিএনপির নেত্রী পারুল নাহার ও নেতা কামাল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
হাকিমপুর পৌর বিএনপির সহসভাপতি কামাল হোসেন বলেন, ‘ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্ত্রী হওয়ায় আমরা আনন্দিত। এ জন্য সবার মাঝে মিষ্টি বিতরণ করলাম। আমরা সবাই দোয়া করতেছি, যেন দেশটা সুন্দরভাবে পরিচালনা হয়। বিএনপি সরকার গঠন করায় আমরা সবাইকে ধন্যবাদ জানাই।’
হাকিমপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি পারুল নাহার বলেন, ‘আজকে আমাদের হাকিমপুর তথা দিনাজপুর-৬ আসনে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আমরা অনেক দিন পর ধানের শীষ প্রতীক পেয়েছিলাম। এ জন্য জাহিদ হোসেনকে এমপি নির্বাচিত করেছি। সেইসঙ্গে তাকে মন্ত্রী করা হয়েছে। জীবনে প্রথম আমাদের এলাকার একজনকে মন্ত্রী পেয়েছি। এ জন্য আমাদের আনন্দটা একটু বেশি; ভাষায় প্রকাশ করতে পারছি না।’
নেতাকর্মী ও এলাকাবাসীর প্রত্যাশা, সংসদ সদস্য ও মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জাহিদ হোসেন দিনাজপুর-৬ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
রাজনৈতিক জীবনে তিনি ২০১০ সালে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৬ সালে দলের কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। সর্বশেষ ২০২৪ সালের ১৬ আগস্ট তাকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়।
এ ছাড়া বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবচেয়ে বড় যে দায়িত্ব তার কাঁধে উঠেছিল তা ছিল সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকের ভার।
বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা নিয়ে গঠিত দিনাজপুর-৬ আসনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৪ হাজার ৪১৫ ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৯টি ভোটকেন্দ্রের ফলাফলে জাহিদ হোসেন পেয়েছেন দুই লাখ ৫ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় জোটের আনোয়ারুল ইসলাম পেয়েছেন এক লাখ ৯০ হাজার ৭০৩ ভোট।