গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। মৃত দুই শিশু হলো- অনুরুদ্ধ চন্দ্র (৭) ও অপূর্ব চন্দ্র (৪)। অনুরুদ্ধ ওই গ্রামের নরেশ চন্দ্রের ছেলে এবং অপূর্ব একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।

স্বজনরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মন্দির চত্বরে অপূর্ব, অনুরুদ্ধসহ কয়েকটি শিশু খেলছিল। এরই মধ্যে অনুরুদ্ধ ও অপূর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে পুকুরে যায়। অন্য শিশুরা খেলার একপর্যায়ে নিজ বাড়িতে চলে যায়। দীর্ঘ সময়ে বাড়িতে না আসায় দুই শিশুর পরিবার খুঁজতে বের হয়। পরে ওই সহপাঠীদের কাছে জানতে পারে, অপূর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

স্বজনরা জানান, সন্ধ্যায় চুনিয়াকান্দি গ্রামের দাসপাড়ার শ্মশানঘাটে দুই শিশুর সৎকার করা হয়। একসঙ্গে দুই শিশুর এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া।