পৌরসভা পরিদর্শনে ডিসি, যানজট নিরসনে বিকল্প সড়ক নির্মাণের নির্দেশনা

কুড়িগ্রাম পৌরসভা কার্যালয় পরিদর্শন করে শহরের যানজট নিরসন এবং পৌর এলাকার ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য স্থান নির্ধারণের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) অন্নপূর্ণা দেবনাথ। সোমবার দুপুরে পৌরসভা কার্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এসব নির্দেশনা দেন।

পৌরসভা কাযালয় সূত্র জানায়, জেলা প্রশাসক তার কর্মপরিধির আলোকে কুড়িগ্রাম পৌরসভা কার্যালয়  পরিদর্শন করেন। এ সময় উন্নয়ন প্রকল্প ও টিআর প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের ফাইল পযবেক্ষণ করেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পৌর এলাকার আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট কোনও স্থান নেই। ফলে পৌরবাসী এবং পৌর কর্তৃপক্ষকে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। পৌরসভার এলাকার ধরলা তীরবর্তী তারামন বিবি মোড়ের কাছে প্রায় ৬ একর খাস জায়গায় ডাম্পিং স্টেশন স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব করা হয়। জেলা প্রশাসক তাতে নীতিগত সমর্থন দিয়েছেন। পরবর্তী কার্যক্রমের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

জেলা প্রশাসক পৌরসভার কর্মচারীদের সঙ্গে পরিচয় শেষে তাদের সমস্যার কথা শোনেন। পৌর এলাকার নাগরিক সমস্যা সমাধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-এ-খুদা বলেন, ‘জেলা প্রশাসককে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি নীতিগত সমর্থন দিয়েছেন। এ ছাড়াও যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণ ও অটোরিকশাগুলোকে লাইসেন্সের আওতায় আনার পরমর্শ দিয়েছেন। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। আগামী জুন থেকে অটোরিকশাগুলো লাইসেন্সের আওতায় আনা হবে। এ ছাড়া নাগরিক সেবা বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।’

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘পরিদর্শকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও নির্দেশনা দেওয়া হয়েছে। পৌর এলাকার জন্য জনগুরুত্বপূর্ণ ডাম্পিং স্টেশন স্থাপনের জায়গা নির্বাচন এবং এটি বাস্তাবায়নের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যানজট নিরসনে শহরের শাপলা চত্বরের বর্ধিত অংশ কমিয়ে এনে শহীদ মিনারের পেছনের অংশ দিয়ে বিকল্প রাস্তা নির্মাণের জন্য সরেজমিন পরিদর্শন করা হয়েছে।  অটোরিকশাগুলোর জন্য দ্রুত নম্বর প্লেট বিতরণের নির্দেশনাসহ আগামী জুনের মধ্যে প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’