রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন ডাক্তারদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। শনিবার ধর্মঘটের দ্বিতীয় দিনে অচল হয়ে পড়েছে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম। রোগীরা পড়ছেন চরম দুর্ভোগে।
শনিবার সকাল ৫ দফা দাবিতে হাসপাতালের সামনে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা। ইন্টার্ন ডাক্তারকে বহিরাগত সন্ত্রাসীদের মারধর এবং অর্থ ও মোবাইল ছিনতাই করার প্রতিবাদে এই ধর্মঘট চলছে। এদিকে ধর্মঘটের ফলে হাসপাতালে আসা রোগীরা চিকিৎসা না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রিফাত জানান, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস সন্ত্রাসীদের আখড়ায় পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ছিনতাই সংঘটিত হচ্ছে। গত এক সপ্তাহে ৩ জন চিকিৎসক সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন। এ ব্যাপারে প্রশাসনকে বার বার অনুরোধ জানিয়েও কোন কাজ হয়নি। হাসপাতালে স্থায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে।
ইন্টার্নি চিকিৎসকরা জানান, গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে হোস্টেলে ফেরার পথে হাসপাতাল ক্যাম্পাসে একদল সন্ত্রাসী ইন্টার্ন ডা. সুমন আলীকে ছুরি ঠেকিয়ে মারধর করে নগদ অর্থ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. আ স ম বরকত উল্লাহ উদ্বেগ প্রকাশ করে বলেন, সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
/এনএস/টিএন/