মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

নীলফামারীতে পুকুরে মাছ ধরতে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরতে গিয়ে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- জেলা সদরের কচুকাটা ইউনিয়নের মহব্বত বাজিত পাড়া গ্রামের পিতা মৃত্যু মজিবরের ছেলে জালাল উদ্দিন (৫০) ও একই উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের পিতা মৃত্যু আব্দুর রবের ছেলে মজিবর রহমান (৬০)।

অপরদিকে, একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে মিঠু আহমেদ (৪৫)। বর্তমানে তিনি নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে  চিকিৎসাধীন আছেন। ওই হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. উৎস চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেন।

নিহত জালালের মামা মোস্তফা ও প্রতিবেশী মাসুদ রানা জানান, বুধবার সকালে বাড়ির পাশে একটি পুকুরে মাছ ধরার জন্য সেচপাম্পে সংযোগ দিতে গিয়ে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মজিবর মারা যান এবং জালালকে হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় মারা যান।

ওই হাসপাতালের চিকিৎসক ডা. উৎস চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, বিদ্যুৎপৃষ্টে আহত হয়ে সকাল ১০টার দিকে জালাল নামের একজনকে হাসপাতালে আনা হলে তাকে মৃত্যু অবস্থায় পাওয়া যায়। অপরজন বাড়িতেই মারা যান।

নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানান, লাশ উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরে লাশ দাফনের জন্য নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।