পহেলা বৈশাখে নাশকতার পরিকল্পনা

কৃষি কর্মকর্তা, বিডি ফুডের কর্মীসহ আটক ৩৩

পহেলা বৈশাখে লালমনিরহাটে বড় ধরনের নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমান ও বিডি ফুডের কর্মী আমিনুর রহমানসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ। স্থানীয় তিনটি ছাত্রাবাসে পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, কৃষি কর্মকর্তা মোখলেছুর রহমানের বাড়ি কুড়িগ্রামের উলিপুরে এবং আমিনুর রহমানের বাড়ি গাইবান্ধা জেলা শহরে। এছাড়া আটক শিক্ষার্থীদের বাড়ি রংপুর বিভাগের বিভিন্ন জেলায়। 

মঙ্গলবার ভোরে লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল আদিতমারী উপজেলার তিনটি ছাত্রাবাসে অভিযান চালানো হয়। আটক ৩৩ জনের মধ্যে ২৯ জনই আদিতমারী ডিগ্রি কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

আরও পড়তে পারেন

মুন্সীগঞ্জে ট্রাক চাপায় দু’পা হারালেন ট্রাফিক পুলিশ

আদিতমারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘তদন্ত সাপেক্ষে নির্দোষ শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার জন্য ২৯ শিক্ষার্থীর যাবতীয় তথ্যাদিসহ একটি চিঠি আদিতমারী থানার ওসি আকতার হোসেনকে দিয়েছি।’

আদিতমারী থানার ওসি আকতার হোসেন বলেন, সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (ইন সার্ভিস) আব্দুর রহিম আটককৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। এরপরই পরবর্তী নির্দেশনা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমনিরহাট পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, ‘আটকৃতদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এসটি/