লালমনিরহাটের পাটগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন নিয়োগপ্রত্যাশীরা। বিক্ষোভের একপর্যায়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন তারা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। নিয়োগপ্রত্যাশীদের অভিযোগ, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতার কোনও প্রতিফলন ঘটেনি। চূড়ান্ত ফলাফলে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে পক্ষপাতিত্ব করা হয়েছে বলে দাবি তাদের। এ সময় ক্ষুব্ধ প্রকাশিত ফলাফল অবিলম্বে বাতিল, পুনরায় নিরপেক্ষভাবে যাচাই-বাছাই এবং নতুন করে ফলাফল প্রকাশের দাবি জানান তারা।
এ নিয়ে বিক্ষোভ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে নিয়োগপ্রত্যাশীরা ইউএনওর কাছে নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন ও অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলে তারা ইউএনওকে কিছু সময়ের জন্য অবরুদ্ধ করে রাখেন। একই সঙ্গে নিয়োগে কোনও ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান তারা, অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
এ বিষয়ে জানতে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেনের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত হায়াত প্রধান বলেন, ‘সরকারি এই গুরুত্বপূর্ণ প্রকল্পের নিয়োগে চরম অনিয়ম-দুর্নীতি হয়েছে। আমরা অবিলম্বে এই বিতর্কিত ফলাফল বাতিলের দাবি জানাচ্ছি। লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিষয়টি সুরাহার আশ্বাস দেওয়া হয়েছে। এমপি ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু করেছেন। যেভাবেই হোক এই প্রহসনের ফলাফল বাতিল করে নতুন পরীক্ষার মাধ্যমে যোগ্য ও মেধার ভিত্তিতে প্রর্থীদের নিয়োগ নিশ্চিত করা হবে।’