যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হওয়া বিদ্যুৎকেন্দ্রের সেই ইউনিটটি চালু

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর দিনাজপুর বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত ৫০-৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। 

শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা ৪৩ মিনিট থেকে এই ইউনিটের উৎপাদন শুরু হয়। বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বর্তমানে এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, হঠাৎ শুক্রবার সকালে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটের পাম্পে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ওই ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে করে এই ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়।

এই কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে ৩নং ইউনিটটি চালু রয়েছে এবং এই ইউনিট থেকে ১৭০ থেকে ১৮০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আর এই কেন্দ্রের ২নং ইউনিটটি দীর্ঘ ২০২০ সাল থেকেই বন্ধ রয়েছে।