আ.লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা

দিনাজপুরের বিরামপুরে পার্কে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৮টি ঘর সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কিছু আলামত জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পৌরশহরের ‘অ্যাকুয়াথিম পার্কে’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন অভিযান পরিচালনা করেন। এ সময় থানা পুলিশের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে অ্যাকুয়াথিম পার্কের কয়েকটি ঘরে অনৈতিক কার্যকলাপ চালিয়ে আসছে কর্তৃপক্ষ। এমন অভিযোগে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ৮টি ঘর সিলগালা করা হয়।

পার্কটির স্বত্বাধিকারী সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।

এ বিষয়ে জানতে চাইলে বিরামপুর ইউএনও ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা খাতুন জানান, অ্যাকুয়াথিম পার্কের ভেতরে অসামাজিক কার্যকলাপ চলছে এমন অভিযোগ কয়েক দিন ধরে আসছে। আমরা সেখানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছি। অভিযানকালে কাউকে উপস্থিত পাওয়া যায়নি, তবে অসামাজিক কার্যকলাপের বেশ কিছু আলামত পাওয়া গেছে। এতে ৮টি ঘর সিলগালা এবং কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে।