দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে একই গাড়ির চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মেয়েটির বাবা। শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা আক্তার ও বাবা ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। তারা জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তিন জনই সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়। এ সময় মেয়েটির বাবা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।