সাংবাদিককে গুমের হুমকি, এসিল্যান্ডের বরখাস্ত ও শাস্তির দাবিতে মানববন্ধন 

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বিতর্কিত সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমানকে চাক‌রি থে‌কে বরখাস্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় সাংবাদিকরা। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধ‌নে বক্তারা জানান, সাংবা‌দি‌কের কাজ হ‌লো প্রশ্ন করা। অনিয়ম নি‌য়ে এসিল্যান্ড রাফিউর রহমানকে প্রশ্ন করায় দৈনিক মানবজমিনের রৌমারী উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বা‌ড়ি‌তে বেআই‌নিভা‌বে পুলিশ ও আনসার সদস্য নিয়ে মাদক উদ্ধারের অভিযান চালান এসিল্যান্ড। শুধুমাত্র প্রতি‌শোধ নেওয়ার হীন ইচ্ছা থে‌কে সাংবা‌দিক সাজু‌কে ফাঁসা‌তে ওই অ‌ভিযান চালা‌নো হ‌য়ে‌ছে। 

মানববন্ধ‌নে ক্ষোভ প্রকাশ ক‌রে সাংবা‌দিকরা আরও জানান, পরবর্তীতে এই তল্লাশির বিষয়ে জানতে দৈনিক কালবেলার রৌমারী প্রতিনিধি সাখাওয়াত হোসেন এসিল্যান্ডকে ফোন করলে তিনিও তোপের মুখে পড়েন। ফোনালাপের একপর্যায়ে এসিল্যান্ড রাফিউর রহমান সাংবা‌দিক সাখাওয়াত‌কে গুম, হত্যা ও মামলার হুম‌কি দেন। একজন সরকা‌রি কর্মচারী হ‌য়ে এমন কর্মকাণ্ড অসদাচরণ এবং ফৌজদা‌রি অপরা‌ধের শা‌মিল। অভিযুক্ত কর্মকর্তার এমন অপেশাদার আচরণ ও হুমকির প্রতিবাদে আজ সংবাদকর্মীরা কর্মসূচী‌তে নাম‌তে বাধ্য হ‌য়ে‌ছেন। মানববন্ধনে বক্তারা এ‌সিল্যান্ডের বি‌ভিন্ন কর্মকা‌ণ্ডের সমা‌লোচনা ক‌রে বলেন, বিতর্কিত এই কর্মকর্তা ঘুষ ছাড়া সেবা দেন না এবং সাধারণ মানুষের সঙ্গে চরম অসৌজন্যমূলক আচরণ করেন। 

বক্তরা সাংবাদিকের বাড়িতে বেআইনি তল্লাশি, গুম ও প্রাণনাশের হুমকি দেওয়া এই কর্মকর্তাকে অবিলম্বে বরখাস্ত ক‌রে আইনি শাস্তি নিশ্চিত করার জোরালো দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপ‌জেলার জ্যেষ্ঠ সাংবাদিক কাইউম আজাদ বাবুল, ভুক্ত‌ভোগী সাংবা‌দিক রফিকুল ইসলাম সাজু, সাখাওয়াত হোসেন আলতাফ হোসেন সরকার, মিজানুর রহমান মিনু, আবু সাঈদ কাকন ও জাকির হোসেনসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।