কুড়িগ্রামে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার মোল্লার চর সীমান্তে বিএসএফ-এর গুলিতে বাংলাদেশি গরু ব্যাবসায়ী মোনছের আলী নিহত হয়েছেন। রবিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বিজিবি মোল্লার চর ক্যাম্পের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি দিলেও এখন পর্যন্ত কোনও জবাব দেয়নি বিএসএফ।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে রৌমারী উপজেলার বামনের চর এলাকার মোনছের আলীসহ বেশ কয়েকজন মোল্লার চর এলাকায় গরু আনতে গেলে বিএসএফ গুলি চালায়। ঘটনাস্থলেই প্রাণ হারান মোনছের আলী।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম সাজেদুল ইসলাম জানান, মোনছেরের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

কু‌ড়িগ্রাম ৪৫ বি‌জি‌বি প‌রিচালক লে: ক‌র্নেল জা‌কির হো‌সেন ঘটনার সত্যতা স্বীকার ক‌রে ব‌লেন, ঘটনা‌টি কু‌ড়িগ্রা‌মের রৌমারী সীমা‌ন্তে ঘট‌লেও এটি আস‌লে জামালপুর জেলাধীন ৩৫ বি‌জি‌বি ব্যাটা‌লিয়‌নের আওতাধীন এলাকা। সুতরাং এ ব্যাপা‌রে প্রয়োজনীয় ব্যবস্থা তারাই নে‌বেন।

প্রসঙ্গত, যোগাযোগ ও কাজের সুবিধার্থে রৌমারী সীমান্ত এলাকার দায়িত্ব ৪৫ ও ৩৫ বিজিবি ব্যাটালিয়নের মধ্যে ভাগ করা।

 

/এসটি/