চাকরির প্রলোভনে প্রতারণা, ভুয়া সেনা কর্মকর্তা গ্রেফতার

সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে গাইবান্ধায় আফজাল খান ওরফে মমিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-১৩। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) রাতে এসআরবি-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (৪ অক্টোবর) রাত ৯টার দিকে গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া এলাকার নিজ বাড়ি ‘ভাই-বোন ভিলা’ থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আফজাল খান ওরফে মমিন গাইবান্ধা পৌরসভার দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত জান্নাত খানের ছেলে।

এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আফজাল বাংলাদেশ সেনাবাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম, পদবি ও ইউনিফর্ম পরা ছবি ব্যবহার করতেন। পরে অন্যের নামে নিবন্ধিত সিমকার্ড ব্যবহার করে মোবাইল ফোনের মাধ্যমে রংপুর, ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করতেন।

অভিযোগ রয়েছে, তিনি সেনাবাহিনীসহ বিভিন্ন সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি ও গ্রহণ করতেন। পাশাপাশি ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমেও প্রতারণা করতেন।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, বিষয়টির সামাজিক গুরুত্ব বিবেচনায় প্রতারক চক্রটি শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় রবিবার রাতে সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল দক্ষিণ ধানঘড়া এলাকায় আফজালের বাড়ি ‘ভাই-বোন ভিলা’য় অভিযান চালায়।

অভিযানে বাড়িটির একটি কক্ষ থেকে আফজাল খান ওরফে মমিনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিমকার্ড জব্দ করা হয়।

এসআরবি-১৩ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তি ও জব্দ করা আলামত গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করা হয়েছে।