দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর বাজারের একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গ্রেফতার দেখানো হয়েছে।
জাকিরুল ইসলাম বুলাকীপুর ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজারে মাদক কেনাবেচার খবর পেয়ে ঘোড়াঘাট থানার এসআই রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও জাকিরুলকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির কোঁচায় বিশেষভাবে রাখা একটি পলিব্যাগ থেকে ১৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে তার কাছে রাখা হয়েছিলো বলে দাবি পুলিশের।
ঘোড়াঘাট থানার ওসি মাহমুদ হাসান বলেন, ইয়াবাসহ আটকের পর জাকিরুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। শুক্রবার দুপুরে তাকে দিনাজপুরের আদালতে পাঠানো হবে।