গাইবান্ধায় ব্রিজের নিচে ভাসছিল নারীর মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর।

শনিবার (১৭ অক্টোবর) সকালের দিকে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের একটি ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, শনিবার সকালে ব্রিজের নিচে পানিতে এক নারীর মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে জামা ও পায়জামা ছিলো। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শরীরে দৃশ্যমান কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি আরও জানান, নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনও কারণে মৃত্যু ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা জানা যাবে।